ইমন কল্যাণ (১১তম পরিচ্ছেদ)

ওয়াহিদার হোসেনলেখক২৮ নভেম্বর, ২০২৬
ইমন কল্যাণ (১১তম পরিচ্ছেদ)

পরিচ্ছেদ - ১১

কোথাও গিয়ে মনে হচ্ছে আরও বিপর্যয় বাকি আছে। আর সে এতে নেই। ছেলেদের মাথা খাওয়া নাকি তার স্বভাব। ভাবতেই হাসি পায়। সে কখনও কাউকেই বলেনি এসো আমাকে ছুঁয়ে দেখো, প্রেমে পড়ো বুকে পিঠে উরুসন্ধিতে হাত দাও। পিষে ফেলো। বলেছে? বলেনি। তাহলে নতুন করে কেউ তার প্রেমে পড়লে কী করার আছে।

ছেলেটা যে খারাপ। ইন্টেন্সিটিতে সেরকম মনে হয় নি। প্রথমবার পাহাড়ে বারবার তার দিকে অপলক তাকিয়ে ছিল। মাঝেমধ্যেই সাদিকের সামনে অপ্রস্তুত হয়ে পড়ছিল ইমন। কল্যাণ। ইমন কল্যাণ। খুব ম্যাচ করে যায় কি?

কিন্তু যতবারই ইমন স্বপ্ন দেখেছে ততবারই রাহুগ্রাস করেছে। জীবন তাকে ঠকিয়েছে অথবা সে নিজেকে ঠকিয়েছে। ঠকিয়েছে মইদুলকে, সাদিককে। নিজের পরিবার, শ্বশুর শাশুড়ি সবাইকেই। কোন লগ্নে তার জন্ম?

ছোটবেলায় সে কি এমন ছিল?

মনে আছে একদিন রূপমদের বাড়িতে খেলতে গিয়ে ওর চাচা সবেদ আলি চেপে ধরেছিল। তারপর যৌনাঙ্গ জুড়ে সে কি ব্যথা। সে বোঝার বয়স ইমনের হয়নি। বাড়ির লোক চেপে গেছে। কতই বা বয়স তখন ১০ এর মতো। খুব বৃষ্টি হচ্ছিল। মা ছাতা মাথায় রূপমদের বাড়ি এসে দেখে ইমন একা ঘরের কোণে। দরজা খোলা।বাড়িতে কেউ নেই। রূপম ঘুমোচ্ছে। পাশের ঘরে। বেশি জানাজানি হয়নি। কিন্তু যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। জরুরি ভিত্তিতে কম্পাউন্ডার রাজুকে ডেকে এনে বাড়িতেই ট্রিটমেন্ট। সে কী যন্ত্রণা। তখন বোঝবার মতো বয়স হয়নি।

ভালোবাসা? সে ভালোবাসা শেখেনি। সে শিখেছে ঘৃণা। মরদ জাতিকে সে চেনে তারা কী চায়? সে জানে। ভালো মতোই জানে। মইদুল তার জীবনে একা পুরুষ নয়। ছাত্রাবস্থায় ওদেরই ডিপার্টমেন্টের এক ক্লাসমেটের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া। রাতেরবেলা ওই ভালোমানুষ রবি বসাক শুনশান রাস্তার সুযোগ নিয়েছিল। ইমনের যে খুব একটা আপত্তি ছিল এমনও নয়। হস্টেলের সবাই জেনে গেছিল বিষয়টা। তখন অলরেডি আঠার পেরিয়ে গেছে। মাস্টার্সের সময়। মইদুলের প্রেমে পড়ার আগে। এতদ্রুত সব হয়ে গেছিল। কিছুই করার ছিল না।

আসলে সত্যি বলতে সে একটা নষ্ট মেয়েছেলে। পুরুষদের মাথা খাওয়ার মতো রূপ যৌবন তার আছে। আর আছে ভরাট গলা। সে গান গাইলে অস্থির হয়ে উঠত ফ্যাকাল্টিরা। প্রস্তাবও পেয়েছিল। কিন্তু তখন নিজেকে স্বৈরিণী মনে হচ্ছিল। সে কি শুতে ছাড়া আর কিছু জানে না? না আর এগোয় নি সে। সে বুঝে গিয়েছিল যা চলছে তাতে নির্ঘাত সে কলেজ থেকে রাস্টিকেট হবে। অথবা অন্য কোন বিপর্যয়ের সম্মুখীন হবে।

বিপর্যয় যে হবেই সে আগে থেকেই জানত। কিন্তু সেবার পাহাড় থেকে ঘুরে এসে তার তেমন কিছু মনে না হলেও ভেতরে ভেতরে একটা পরিবর্তন দেখেছিল। সাদিকের শীতলতা তাকে অবাক করেছিল। কোথাও গিয়ে মনে হয়েছিল লোকটা মারধর চোটপাট করলেই বোধহয় মেনে নেওয়া সম্ভব। কিন্তু না। লোকটা কি নিজেকে দেবতা ভাবে নাকি ফেরেস্তা? সে অন্য কারো সন্তানকে পেটে ধারণ করেছিল, তারপরও লোকটার হেলদোল নেই। আসলে জীবনের এই পর্বে এসে ইমন আরও অসহায় বোধ করে পুরুষদের সাইকোলজি, মন মেজাজ নিয়ে যার চর্চা ও চর্যা সেই ইমন কোনো ভাবেই সাদিকের গভীরতার তল খুঁজে পায়নি। কী অদ্ভুত এই লোকটা! ঘৃনাও করা যায় না। ভালোবাসাও যায় না। যা যায় তা হলো পীর ফকির ফেরেস্তা দেবতা হিসেবে দূর থেকে ভক্তি জানানো। না এরসাথে আর সংসার করা হয়ে উঠল না।

কাতল মাছটাকে কড়াই থেকে উলটে নিয়ে সে পাশে রাখা মোবাইলের দিকে তাকায়। হোয়াটসঅ্যাপে কল্যাণের মেসেজ।

কেমন আছেন?

অনেকক্ষণ পর ইমন রিপ্লাই দেয়

ভালো আছি।

কী করছেন?

রান্না।

কী রান্না হচ্ছে?

আজকে মাছ। আপনার দাদা আজকে কাতল মাছ এনেছে। আসলে মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি।

আচ্ছা।

কিছু বলবেন।

না আসলে আজ একটা নেপালি মেয়েকে দেখে আপনার কথা মনে পড়ে গেল।

কেন বলুন তো?

পাহাড়ে আপনাকে পিওর নেপালি মনে হয়েছিল।

তাই?

হ্যাঁ। ফর্সা টুকটুকে। সঙ্গে নেপালি পোশাক।

আপনার তাই মনে হয়? আমি তো নেপালিই হতে চেয়েছিলাম।

ওই ছবিটা পাওয়া যাবে?

কেন? ছবি দিয়ে কী করবেন?

রেখে দেব।

কোথায় রাখবেন?

কেন রাখার জায়গার কি অভাব আছে?

দেখুন। একটা কথা বলি। যখন বিয়ে হবে বউয়ের ছবি রাখবেন। পরস্ত্রীর ছবি রাখা শালীনতা নয়।

আচ্ছা। তাহলে কী করব?

পাড়িয়ে আমি লক্ষ করেছিলাম, আপনি আমাকে বারবার দেখছিলেন। ওভাবে চোরের মতো পরস্ত্রীকে দেখা সেদিন উচিত হয়নি।

হ্যাঁ জানি। আসলে আমার ভুল হয়ে গেছে, সরি!

না ঠিক আছে। এমনিতে তো অনেকবারই দেখেছেন আমাকে তাতেই খুশি থাকুন। আসলে স্পর্ধার চাইতে বেশি চাইতে গেলে অনেক খেসারত দিতে হয়।

মোবাইল টা সাইলেন্ট করে সাদিককে খেতে ডাকে ইমন।

মনে হয় আরেকটি পর্ব শুরু হলো। যদিও প্রত্যেকবারের মতো এবারেও পরিণতিহীন এক ভবিষ্যতের দিকে যাত্রা শুরু।

পরবর্তী পরিচ্ছেদ (১১তম পরিচ্ছেদ) আগামী শনিবার(০৫/১২/২৬) প্রকাশিত হবে

ভাগ করুন
ওয়াহিদার হোসেনসকলের গান-এ ২০টি লেখাসব লেখা

এখনও কোনও মন্তব্য নেই

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।