ইমন কল্যাণ (১০ম পরিচ্ছেদ)

পরিচ্ছেদ - ১০
পাহাড় থেকে ফিরে এলো মন। মন যে উড়ুক্কু এমন নয়। সে পরিযায়ী। সাইবেরিয়া থেকে কোথায় অস্ট্রেলিয়া দ্বীপ?
হ্যাঁ। সব কিছু না পাল্টালেও সময়ের সঙ্গে কিছু পাল্টেছে। কিছু বদলেছে। ভেতরে ভেতরে। ইমন জানে। যখন পুরোনো ছবিগুলো এলোমেলো অবকাশ হয়ে আসে। তখন। রাতের অন্ধকারে একা যৌন উপত্যকা পেরিয়ে। শারীরিক খিদের উষর মরুভূমি অতিক্রম করে সাদিকের লাশ নাক ডাকে, তখন সে ভাবে চুম্বনহীন এই মিলনের দায় কার? একজন নারী কি শুধুই শরীর? নাকি শরীরের বাইরে গিয়ে থাকে এক তুষারের অরণ্যানী যেখানে সাদিকের জুতোর দাগ পড়েনি। জিন্স পরা সাদিক কোনদিন হয়তো ছুঁতে পারেনি। ছুঁতে পারেনি বলা ভুল, এই পাইন এই ইউক্যালিপটাস এই ডানা সমুদ্র কোনকিছু ছুঁয়ে দেখার ইচ্ছেমাত্র সাদিকের ছিল? মনে পড়ে সাদিক কত দ্বিধা কত দ্বন্দ্ব নিয়ে এসে বলেছিল ওকে রাখা যাবে না।
কেন রাখা যাবে না?
কারণ সে আমার সন্তান নয়।
শুধু তাই?
তুমি পিতৃ পরিচয় দেবেই বা কেন?
না তা নয় ইমন। এই সমাজ!
আমি জানি সমাজ আমাকে নেবে না। আমার সন্তানকে নেবে না। কিন্তু আমার কী দোষ বলো? আমি তো বাবাকে বলেছি। আমি তখন কনফার্ম ছিলাম না।
সে তো বুঝলাম। কিন্তু বাবা মাকে কোনোভাবেই বোঝানো যাবে না।
তোমার মা?
হ্যাঁ মা। আমার জন্মদায়িনী মা। মা মেনে নেবে না। মা কে তুমি চেন না।
আমার মরে যাওয়াটাই বুঝি শেষ উপায়।
এরকম কোরো না। আমি তোমাকে সত্যিই ভীষণ ভালো বাসতে চাই। নতুন করে শুরু করতে চাই।
বুঝতে পারি।
আমার কিছু করার নেই।
কিচ্ছু করার নেই? আমার গর্ভে মইদুলের সন্তান। আমাকে ছেড়ে দাও। আমার জন্য রেললাইন কিংবা দড়ি ভালো হবে। বিশ্বাস করো। আমাকে ছেড়ে দাও। তোমার পায়ে পড়ি।
না না আমি তোমাকে সত্যিই ভালোবাসতে চাই ইমন। চলো না আমরা নতুন করে শুরু করি। সব নতুন করে!
সব নতুন করে? আমি কিছু বুঝি না। বুঝে উঠতে পারি না। বিশ্বাস করো আমি শুধু বাঁচতে চাই। বলো সবাই তো বেঁচে থাকতে চায়। আমিও ভীষণ স্বার্থপর।
তুমি আমার স্ত্রী এখন।
কিন্তু সত্যিই এই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে?
দেখো ওটা এখনো জাইগোট। ওর মধ্যে এখনো হার্টবিট আসেনি, তাই!
তাই!
চোখে জল নিয়ে হাসপাতাল থেকে ফিরে এসে অন্ধকারে সে কেঁদেছিল। একা। কাউকে পাশে পায়নি। এই সাদিক সেদিন বলেছিল কেঁদো না। আমি আছি। চিরকাল তোমার।
নারীর হৃদয়ের অন্তর্দেশ আর তার নাব্যতা আর তার গভীরতা আর তার মারিয়ানা খাত কি শুধু যৌনতায় ছোঁয়া যায় সাদিক?
সাদিকের ভেতরটা এতদিন পরে আনন্দে ভরে গেছে। ইমন পাহাড় থেকে আসার পরে কেমন উচ্ছল হয়েছে। কেমন যেন বদলে গেছে। আজ অনেকদিন পরে তারা ঘনিষ্ঠ হয়েছে। ইমন বারবার বলছিল। আজ তুমি আমাকে পাবে। আমাকে ছুঁয়ে দেখবে আমি কেমন তিতলি হয়ে গেছি। কেমন আমার ডানা। আমার রৌদ্র। আমার মেঘের আলোছায়া সবকিছুই। তুমি হয়তো জানো না এত খুশি হয়েছি। সত্যি, থ্যাংকস্। পাহাড়ে না গেলে আমি হয়তো আমার আমিকে এভাবে পেতাম না। কিন্তু সাদিক পরক্ষণেই কেমন যেন গুটিয়ে যায়। অতীতচারী তার মন তাকে ভালো থাকতে দেয় না। এক মুহুর্তেই সব যেন কেমন এলোমেলো হয়ে যায়। তার ভেতর জেগে ওঠে পুরুষত্ব, প্রবীণ সরীসৃপ। কিন্তু এতে সাময়িক উত্তেজনা আর শরীরের অবসর এসে নিয়ে পতনোন্মুখ খাদের দিকে। অনেকদিন আগে, মনে পড়ে সাদিকের তার কয়েকজন বন্ধু গাড়িতে করে পিকনিকে যেতে গিয়ে খাদে পড়ে যায়। তারপর তাদের লাশগুলোও আর খুঁজে পাওয়া যায়নি। তেমনি হয়তো নর্থবেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাসে সে ফেলে এসেছে তার মন তার অতীত। ইমনের শরীর মন তাকে আর সেইসব কিছু ফিরিয়ে দিতে পারে না। পারবেও না হয়তো কোনদিন।
মেঘ না চাইতেই জল। হয় হয়। কল্যাণ যা চাইছিল তাই হয়তো হলো। সে স্বপ্নেও ভাবেনি কোনদিন ময়নাগুড়ির এক বন্ধুর বিয়েতে হঠাৎ দেখবে সেই মুখ। সেই মুগ্ধতা।
আরে আপনি?
হ্যাঁ, আপনি এখানে।
কেন এটা কি আপনার এরিয়া, আসা যাবে না?
তাই বলেছি ম্যাডাম? বলুন কেমন আছেন?
ভালো আছি। আপনি?
ভালো আছি। সাদিকদা আসেননি?
না। ওর জ্বর। আমি আর শ্বাশুড়িমা এসেছি, বরযাত্রী।
ও আচ্ছা। আপনি তাহলে ছেলেপক্ষের?
হ্যাঁ। ছেলে আমার পিসতুতো দেওর হয়।
বাহ্ বেশ।
ও আচ্ছা। আপনি তো আমাকে সব ছবি দেননি।
কোন ছবি?
আরে মশাই পাহাড়ের ছবি।
পাহাড়ের ছবি? ও আচ্ছা। কীভাবে দেব?
হোয়াটসঅ্যাপে দিন।
দাঁড়ান দিচ্ছি।
আপনার নাম্বারটা যেন কত?
এই যে।
গেছে?
হ্যাঁ চলে আসছে।
আচ্ছা।
আমাদের ওদিকে আসুন।
কোথায় ধূপগুড়ি?
হ্যাঁ। আমাদের বাড়ি।
ও কোথায় ধূপগুড়িতে?
ওই তো বাজারের পাশে। আপনি এসে ফোন করবেন। এদিকে আসা হয় তো?
হ্যাঁ হয়। ভূটান যাই মাঝেমধ্যে। আমার তো ট্যুরিস্ট নিয়েই কাজ।
আচ্ছা। আসি তাহলে শ্বাশুড়িমা ডাকছেন।
আচ্ছা।
তারপর? তারপর একদিন হুট করেই চলে যাওয়া। মিথ্যে কথাটা বলেই ফেলল কল্যাণ। গাড়ি নিয়ে এদিকে এসেছি।
হ্যাঁ।
হ্যালো আমি কল্যাণ বলছি।
হ্যাঁ নাম্বার সেভ করা আছে। বলুন।
আপনাদের এদিকে এসেছিলাম।
তাই? এতদিন পরে আপনার এদিকে আসা হলো।
হ্যাঁ। তাও বছরখানেক হবে।
হ্যাঁ। তাই তো। ভাবিইনি। বছর কীভাবে পেরিয়ে যায়। তা আপনি কোথায়?
ধূপগুড়ি মোড়ে।
আরে দাঁড়ান বাড়িতে কেউ নেই। বুঝতেই পারছেন। আমি বরঞ্চ একটু এগিয়ে এসে দেখা করি? কিছু মনে করবেন না তো? আসলে লোকজনের ভয় আরকি।
মানুষকে এত ভয় পান?
আরে নাহ্। ভয় পেলে দেখা করি?
আসুন।
টোটোতে করে ইমন এলো। দেখা হলো। কথা হলো। আর..
কেমন আছেন। আসুন একদিন লাটাগুড়ি।
আসব।
কফির বিলটা আমি দিচ্ছি।
আরে না না। আমি দিয়ে দিয়েছি।
ও আচ্ছা। এটা ঠিক হল না।
ঠিক কী মশাই? আমাদের এখানে এসেছেন।
সত্যি করে বলুন তাহলে কবে আসছেন লাটাগুড়ি।
আসব তবে কবে এটা বলা মুশকিল। সাদিক জানে।
সাদিকদাকেও নিয়ে আসুন। যদি আসেন। অবশ্যই।
আসব আসব।
ফোন করবেন। কথা হবে।
ফোনে আসলে আমি টাইম পাই না। শাশুড়িমা এদিক ওদিক যান। সব আমাকেই সামলাতে হয়।
আপনি তো পাকা গিন্নী।
না না।
কতদিন হলো আপনার বিয়ের?
দেড় বছর।
আপনি কিছু ভাবছেন নাকি?
আরে নাহ্। ওসব ব্যাপার দেরি আছে।
না এমনি জিগ্যেস করলাম। খারাপ ভাবেননি তো?
না না। এ টা খুব স্বাভাবিক ব্যাপার।
ও আচ্ছা।
আসলে এরকম না ভাবলে বা নেগেটিভ ভাবে নেওয়ার মতো হলে আপনার মনে হয় আমি এখানে আপনার সঙ্গে কফি খেতে আসতাম?
ভালো করেছেন।
ও হ্যাঁ আমি আসি। সাদিকের স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে।
আচ্ছা। ফোন করবেন।
ভালো থাকবেন। টা টা।
ইমন এভাবে ঝড়ের মতো এসে সবটা নিয়ে আবার নিভিয়ে দিয়ে যাবে দমকা হাওয়ায় বাতিকে যেমন। আহা যদি তুমি জানতে। এই এক বছর কল্যাণ কীভাবে কাটিয়েছে ইমন!
পরবর্তী পরিচ্ছেদ (১১তম পরিচ্ছেদ) আগামী শনিবার (২৮/১১/২৬) এ প্রকাশিত হবে।



এখনও কোনও মন্তব্য নেই
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।