ইমন কল্যাণ (৯ম পরিচ্ছেদ)

//৯ম পরিচ্ছেদ//
আজ ছুটি। গতকাল নাইট ডিউটি ছিল। গতকাল শরীরে আলকোহল যায়নি। আজকে সকালে উঠেই খালি পেটে জল ছাড়া বোতল থেকেই রাম ঢালে মুখে। বিস্বাদ হয়ে যায় মুখটা।
তারপর টাল সামলাতে সামলাতে টয়লেট করে নেয়। এসে বিছানায় শোয়। গতকাল রাতে তালা খুলে রামের বোতলটা রেখে গেছেন বাড়ির মালিক। এখন মাঝেমধ্যেই দুজনে বসে যান। যেদিন ডিউটি থাকেনা সেদিন সারাদিন মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে মইদুল।
টানা কিছুদিন ধরে মাল খেয়ে গলার স্বর চেঞ্জ হয়ে গেছে। প্রথম প্রথম ভালোই লাগত। এখন কী রকম যেন যন্ত্রণা হয় মস্তিষ্কে। অবচেতনের সমুদ্রে ডুবে যায় মইদুল। ঘুমিয়ে পড়ে।
ঘুমিয়ে স্বপ্নে দেখে। সে একটা পুরোনো পাহাড়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে একটা লোকের সঙ্গে ছবি তোলার পোজ দিচ্ছে ইমন। পাহাড়ের ছবি। তারপর স্বপ্নেই সে দেখে ইমন তুষারের ওপর জিন্স পরে বসে আছে। তুষারের একটা বল বানিয়ে ইমন মইদুলের শরীরে ছুড়ে মারে। মুখে লাগতেই সে ককিয়ে ওঠে। ঘুম ভেঙে যায়। কী সব আজব স্বপ্ন! এসব সে কেনো দেখে? কান্না পায় তার। দু’চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। না। আর আগামীকাল থেকে সে মদ খাবে না। যদি ইমন পারে। সে কেন পারবে না? সেও ভুলে যাবে সব কিছু। কিন্তু কীভাবে? ইমন ভুলে যেতে পারলেও সে কি ভুলে যেতে পারবে ভালোবাসাময় দিনগুলি?
দিদিকে অনেকদিন ফোন করা হয়নি। মইদুল মোবাইলটা হাতে নিয়ে দিদিকে ফোন করে।
হ্যাঁ। বল।
দিদি।
হ্যাঁ বল। কাঁদছিস কেনো?
দিদি আমার কিছু ভালো লাগছে না।
কী হইছে?
কিছুই হয় নাই।
তাহলে কাঁদছিস কেনো?
দিদি আমার বাঁচতে ইচ্ছে করে না। আমি বোধহয় মরে যাব।
তোর কিছু হবে না। তুই আয়।
আমি যাবো না।
তুই আয়। আমার কাছে রাঙ্গালিবাজনাতেই থাকবি। কিছু হবে না।
আমি আসব দিদি?
আয়। ভাই আয়। কেঁদে ফেলে মোনালিসা, ভাইয়ের অসহায়তার কথা শুনে। আগে হালকা হালকা জানত।
এখন আর কিছু করার নেই। ছেলেটাকে যে করে হোক বাঁচাতে হবে। সৎমায়ের সন্তান হলেও সে ভাই।
ধূপগুড়ি এসেই সব গুলিয়ে গেল। মইদুল রাঙ্গালিবাজনাগামী একটা বাসে উঠেছিল। তারপর আর বুঝতে পারছে না এখন সে কোথায় আছে। খালাসি ধূপগুড়ি নেমে আসুন বলাতে সেও নেমে পড়ে। তারপর যন্ত্রচালিতের মতো হাঁটতে হাঁটতে এদিক ওদিক দেখে। হারিয়ে যায়। আবার মনে পড়ে সে রাঙ্গালিবাজনা যাবে। একটা বয়স্ক লোক দাঁড়িয়ে ছিল ধূপগুড়ি মোড়ে তার হাতে-পায়ে ধরে। দাদা আমাকে রাঙালিবাজনার গাড়িতে তুলে দিন। আমি ব্যাগ টাকা হারিয়ে ফেলেছি। কিন্তু আপনি কাকে খুঁজছেন তখন থেকে? এদিক থেকে সেদিক। কী ব্যাপার? তোমার নাম কী?
দাদা আমার নাম মইদুল। আমি দিদির বাড়ি যাব।
আচ্ছা আচ্ছা। কিন্তু তুমি এরকম নেমে গেলে কেন?
জানিনা দাদা। আমাকে বাসে তুলে দিন। আমার টাকাগুলো প্যান্টের পকেটে ছিল নেই।
কী এক পাগলামি গ্রাস করেছিল মইদুলকে সেদিন। ধূপগুড়ি বাসস্ট্যান্ড থেকে তাকে ওখানকার লোকেরা থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে সে তিনটে কথা বলে দিদির বাড়ি, রাঙ্গালিবাজনা।
ইমন, আমি তোমাকে খুব ভালোবাসি!
কাওসারের কয়েকদিন ধরেই মুড অফ। পারিবারিক ঝামেলা তুঙ্গে উঠেছে। সঙ্গে মোনার ভাই মইদুল। বাড়িতে উটকো ঝামেলা এলে যা হয় আর কি। ধূপগুড়ি থানা থেকে থানার ওসি আর কয়েকজন এনজিওর লোক এসে মোনালিসাদের এখানে মইদুলকে এনে দেয়। এখন নিউজলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট দেখান চলছে। এমনিতে তিনতলা বাড়িতে রুম প্রচুর। থাকা খাওয়ার সমস্যা নেই এটাও ঠিক। রাহুলও ইদানীং বাড়িতেই থাকছে। তবে যেটা সবচেয়ে অসহ্যকর তা হলো এই মইদুল। মাঝেমধ্যেই ঝাঁকুনি দিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। শালা মদ তো কম খায়নি। হয়তো গাঁজাও খেয়েছে। খেয়ে বিপদ বাঁধিয়ে মরতে এখানে এসেছে। বাড়ির যাবতীয় কাজকর্ম লাটে উঠেছে। মোনা সারাক্ষণ ব্যস্ত। হয় মইদুলকে খাওয়াতে। নইলে ধরে টয়লেটে নিয়ে যেতে, নইলে ওষুধ খাওয়াতে ব্যস্ত। এই তো অবস্থা। আর কী বলা যায়!
এদিকে প্রীতির সঙ্গে দেখা হচ্ছে না। মাথাভাঙায় গানের অনুষ্ঠান আছে সেখানেই গেছে। দু’বার ফোন করেও ধরা যাচ্ছে না। এদিকে মেয়েটা বেহাত হয়ে গেলে ঝামেলা। পরকীয়া ঠিক নয়। মাইন্ডসেট করে ফেলেছে। মোনার সঙ্গে আর সংসার হবে না। প্রীতিকে নিয়েই কাওসার ভাবতে চায়। হসপিটালের চাকরিটা যেহেতু ওখানেই, ফলে চালসাতে সেটল করে নিলে মন্দ হয় না। ভাড়মে যায়ে শালা পাগল ছাগল লোকেরা। এত দায়িত্ব সে কেন নেবে। বরঞ্চ ভালই হয়েছে মোনালিসা কনফার্ম হয়ে গেছে। ওর সঙ্গে আর কোন ফিউচার প্ল্যানিং নেই। ও যা ইচ্ছা করুক। তাতে কাওসারের যায় আসে না।
তখুনি ফোনটা বেজে ওঠে।
হ্যাঁ। বলুন।
আমরা মাথাভাঙা থানা থেকে বলছি। আপনি একটু মাথাভাঙা আসতে পারবেন?
কেন?
আসলে এখানে বছর বাইশের একটা মেয়ে রেপড হয়েছে। ওর মোবাইল ঘেঁটে আপনার নাম্বারটাই পেলাম। আমি আইও দীনেশ বর্মন বলছি। মেয়েটি সম্পূর্ণ জ্ঞান হারায় নি। বার বার আপনার নামই নিচ্ছিল।
আচ্ছা। ঠিক আছে আমি আসছি। কোথায় আসতে হবে? হাসপাতালে? ও আচ্ছা। আসছি। এখন তো ন’টা বাজে। ১২ টার মধ্যে আমি ঢুকে যাচ্ছি।
ধপ করে সোফায় বসে পড়ে কাওসার। মাথায় ঘাম জমে গেছে। সব চুরমার হয়ে গেল। মেয়েটা বাঁচলে হলো।আর কি করা যাবে!
কোথায় যাচ্ছ? এত হন্তদন্ত হয়ে?
মাথাভাঙা।
কেন?
প্রীতি রেপড হয়েছে।
বাহ্!
ঠাস করে একটা শব্দ হয়।
মোনালিসা ফুলদানিটা ছুঁড়ে মারলেও কোনোরকমে কাওসার সরে যায়।
সিড়ি দিয়ে দ্রুত নেমে আসে। মোনালিসার চিৎকার শোনা যায়। ততক্ষণে গ্যারেজ থেকে গাড়ি বের করে ফেলেছে কাওসার। হর্ণ দিতে দিতে গাড়ি ফালাকাটা অভিমুখে ছুটে যায়, সাদা ওয়াগনার।



১টি মন্তব্য
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।