২৬ সেপ্টেম্বর, ২০২৫
নীলাব্জ চক্রবর্তীর দুটি কবিতা
নীলাব্জ চক্রবর্তীর দুটি কবিতা

 

সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যাওয়া লাইনগুলো

 

 

নির্মীয়মাণ একটা ভাঙচুর

অর্থাৎ

ক্রস করছে

দূর বন্দরের কাছে সেই

সিজরিং স্টেয়ারকেসজোড়া মনে পড়বে

মানে প্রতিফলন তো একটা নিবিষ্ট বোধমাত্র

অথচ তুমি ভাবছ

একেই করিডোর অফ আনসার্টেনিটি

বলবে কি বলবে না

যখন বাক্সের ভেতর বাক্সে

পোশাক উপচে উপচে

একটা আরোপিত লালচে দৃশ্যই

ফল করছে বারবার

মোহ অবধি...

 

_____________

 

একটা দৃশ্য অবধি

 

দাড়িতে ফোম ঘষতে ঘষতে

পড়ে নিচ্ছি

অন্যমনস্ক কাঁচ

আর লেবুপাতার গন্ধ

লো-অ্যাঙ্গেল থেকে

ফাঁপা হচ্ছে যে চলাচল

আঙুল

খুলে ফেলছে জড়িয়ে যাওয়া রিল

গাছ অবধি ছুটে যাওয়া

এই অনুবাদ

একটা দৃশ্য অবধি

স্মৃতি-রঙের জাম্পকাট

একটা

 পায়রার গায়ে

লালচে রোদ পড়ছে কেমন... 

এখনও কোনও মন্তব্য নেই

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।