২৭ নভেম্বর, ২০২৫
অর্ঘ্য রায় চৌধুরীর দুটি কবিতা
অর্ঘ্য রায় চৌধুরীর দুটি কবিতা

 

বিকেল 

 

বিকেলের আলো পড়ে এলে আমাকে পাবে না আর

বালকের দল যেখানে খেলতে গেছে

সেইসব মাঠে আমিও তাদের সঙ্গে সামিল হবো

 

ক্রমশ নেমে আসবে সন্ধ্যা, তারার আলো, 

পিদিম জ্বলে উঠবে

 

হাতছানি হাওয়ায় উড়ে আসবে কৈশোর

ঘর ছাড়া ডাক

 

কোথায় কিশোররা খেলতে নেমেছে মাঠে? নদীতীর ? 

এখন নিঝুম নৌকার মতো এসব কথা ভাবি।

 

__________

 

রং বাহার

 

জানালার পাশে যে লতা

তার আঙুলে আঙুল রেখে দেখি

আঁকড়ে ধরে সেও

 

মাটির ওপর ঝরে পড়া ফুলে

ঝরেছে দুঃখ কিছু

সে দুঃখ কুড়িয়ে এনে রাখি

 

ফুলের গুচ্ছ করে উপহার দিলে তুমি ভাবো

রঙীন হাসির মতো ঝলমলে দিন

 

আমাদের দুঃখরা এমনই রঙীন।

এখনও কোনও মন্তব্য নেই

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।