
ভুলে গেছি
তুমিও
পালিয়ে বেড়াও
আমিও
পালিয়ে বেড়াই
পালাতে পালাতে
একদিন
ঠেকে যাবে পিঠে
দুজনের পিঠ
এখানে সমুদ্র বড় শান্ত
অলিভগাছের পাতা থেকে
টুপটাপ ঝরে পড়ছে রাত
রূপবতী জ্যোৎস্না
আমাদের ব্যথাতুর হৃদয়
কান্নায় ছলোছলো
ঝরে পড়ছে
ঝরে ঝরে পড়ছে
হে ঈশ্বর!
আমাকে
পাথর করে দাও
এমনিতেও
আমি ভুলে গেছি
কেন এই পৃথিবী
কেনই বা আমি
কারণ ভুলে গেছি
ইশারা ভুলে গেছি
ভাষা ভুলে গেছি
কেনই বা এত টান
চোরা পথে আসে যায়
কেনই বা হঠাৎ নাম ধরে
ডেকে ওঠার চেয়ে
মনে হয়
ভুলে যাওয়া সহজ
ভুলে গেছি
মনে মনে বলেছি এত কথা
মনে মনে বাড়িয়েছি হাত
মনে মনে ভয় পেতে পেতে
ছোট হয়ে গেছি তুমুল
সকালের ছায়া ছায়া রোদ
কখন যে ঘুমিয়ে পড়েছে
ভুলে গেছি
ভুলে গেছি
_________
সন্দেহ
কেউ তো বলেনি একবারও
হৃদয় তোমার আমাকে দিতে পারো
জলাজঙ্গলে একা একাই ঘুরেছি কত রাত
একাই ফুলের বিষে পুড়িয়েছি হাত
কেউ তো বলেনি, এসো, শুশ্রুষা দিই হাতে
কেন ভিজবে এত পাগল কান্নাতে?
না, না, সত্যিই কেউ শেখায়নি কোনোদিন
আকাশের কোনো তারা নবীন-প্রবীন
এ পৃথিবী নির্দয় বড়, নির্মম ভবঘুরে
আঁকড়ে ধরেছে যদি আজ, কাল ফেলেছে ছুঁড়ে
ভালোবাসার গোপন সুখ বুঝি ছুঁড়ে ছুঁড়ে ফেলা!
নতুন নতুন খেলা এবেলা ওবেলা?
কারো বুকে নেই বুঝি এতটুকু ক্ষমা?
রাত জেগে কথা বলা , সুরেলা তর্জমা?
সুখ শেষ, প্রেমও শেষ। হাটের মাঝে দাও ফেলে
পুরনো কথা যত পুরনো স্পর্শস্মৃতি পেলে
ছিঁড়ে খাবে লোকে? খাক তবে প্রেমিকের বুক
প্রেম যেন করতে না পারে আর প্রেমিক উজবুক
আতঙ্কে বুক আমার কেঁপে কেঁপে ওঠে
এত ভাঙা হৃদয় রয়েছে পড়ে আমার পথে পথে!
কোথায় যাব আমি? এ হৃদয় দেব কাকে?
কাকে করাব বিশ্বাস পরিপূর্ণ আমাকে?
ভয় পেয়ে ছুটে যাই, বন্ধ করি দ্বার
অটুট হৃদয় যত্নে লুকোই বারবার
প্রতিশোধ নিতে পাছে আমাকেই ভাঙে যদি কেউ
কীভাবে বাঁচাব তবে অগ্নিশুদ্ধ এ হৃদয়ের ঢেউ?
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেনের দুটি কবিতা
আগুন জ্বালানোর মতো বিস্ময় নিয়ে তোমাকে দেখি তারপর দৃশ্যান্তরে ক্রমে হাত পা

জন্ম দাগ
তোমাকে ভীষণ হিংসে হয় হ্যাঁ হ্যাঁ তোমাকেই তুমি অবাক হবে ভাববে গোত্র পরিচয়হীন একটা রাস্তার শিশুকে আবার হিংসে

শৌভিক দত্তের তিনটি কবিতা
যখন বাকস্মৃতি নেই প্রতিমা আলোয় তোমার উজ্জ্বলতা পাঠাগার হয়ে ভেসে আছে সালোক সংশ্লেষের শেষে বন্ধু দাঁড়িয়েছে কোথাও চিরহরিৎ পাঠশালায় ফুটফুটে শিশুরা এসেছে, আর ক্ষমাকষ্টে তুমি
এখনও কোনও মন্তব্য নেই
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না।